ফরিদপুরে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান
দলিল লেখকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সংগঠনের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতিটি দলিলের বিপরীতে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স প্রদান না করা, থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের জায়গা নির্মাণ এবং পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুত করার কারণে পেশাগত দায়িত্ব পালনরত দলিল লেখকদের আসামি না করার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে দলিল লেখকরা মানুষের জমি-জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করে আসছেন। তাদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। এ সময় তারা সরকারের কাছে দ্রুত ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মো. এ রশিদ এবং মহাসচিব কে. এস. হোসেন টমাসের নেতৃত্বে এসব দাবি বাস্তবায়নে সারা দেশের দলিল লেখকেরা আজ ঐক্যবদ্ধ। সরকার দলিল লেখকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।








