ফজরের নামাজে সেজদায় গিয়ে চিরনিদ্রায় হাফেজ মোঃ আতাউল্লাহ
পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের নামাজ আদায়রত অবস্থায় সেজদায় গিয়ে মৃত্যুবরণ করেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ।
সোমবার (১৭ আগস্ট) ভোরে শ্রীরামপুর বাজার জামে মসজিদে এ মর্মান্তিক ও হৃদয়স্পর্শী ঘটনা ঘটে।
মুসল্লিদের সূত্রে জানা যায়, ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যান হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ। দীর্ঘ সময় পার হলেও তিনি সেজদা থেকে না ওঠায় পাশে থাকা মুসল্লিরা এগিয়ে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
মরহুম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ দুমকী উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র পুত্র। তিনি গত দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার জামে মসজিদে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা জানান, আতাউল্লাহ ছিলেন শান্ত স্বভাবের ও অত্যন্ত নম্র-ভদ্র মানুষ। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই সন্তানের জনক এই হাফেজের মৃত্যুতে পরিবার, মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।





