পদ্মার ভাঙনে আতঙ্কিত কবিরপুর চরবাসী, ১১২ মিটার জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করলেন- চৌধুরী নায়াব ইউসুফ, এমপি
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে পদ্মা নদীর তীব্র ভাঙন রোধে ১১২ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর তীব্র ভাঙনকবলিত দুটি পয়েন্টে এ ডাম্পিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ উপলক্ষে এর আগে কবিরপুর চরে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “বর্তমান সরকার নদীভাঙন রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকারের সদিচ্ছার কারণেই ফরিদপুরের বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকায় দ্রুততার সঙ্গে কাজ শুরু করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, কবিরপুরসহ চরাঞ্চলের মানুষকে নদীভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সাজু সিকদার, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন এবং নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাকুজ্জামান মুস্তাক।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নদীভাঙনকবলিত এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, পদ্মা নদীর তীব্র ভাঙনে কবিরপুর চরের ঘরবাড়ি, ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে। দ্রুত জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হওয়ায় ভাঙন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে এবং নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষা পাবে বলে আশা করছেন তারা।
তবে স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ডাম্পিংয়ের পাশাপাশি দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হলে কবিরপুর চরসহ আশপাশের এলাকার মানুষ দীর্ঘমেয়াদে নদীভাঙনের কবল থেকে রক্ষা পাবেন।





