ফরিদপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘ইয়ুথ ডিসকাশন অ্যান্ড ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

‘Different Contexts, Common Aspirations’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ‘ইয়ুথ ডিসকাশন অ্যান্ড ডায়ালগ ২০২৬’ শীর্ষক আলোচনা ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকালে বি হাট উইমেন, ইয়ুথ এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, উদ্যোক্তা ফোরাম ফরিদপুর ও কারু শিখা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ফরিদপুরের পশ্চিম খাবাসপুরের স্টার আড্ডা জোনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক এ. এস. এম. মঈনূল আহসান ।
বি হাট উইমেন, ইয়ুথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (BYC)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি উম্মে হাবিবা মৌ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ওয়ার্কাহলিক ফরিদপুরিয়ানের চিফ অ্যাডমিন মুসফিকুর রহমান তনু, ফরিদপুর লুবনা বিউটি পার্লারের পরিচালক লুবনা ইয়াসমিন এবং লিটা হোমিও হলের পরিচালক ডা. আলি হাসান।

কারু শিখা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি তিহানুর রহমান -এর সঞ্চালনায় অনুষ্ঠানের একপর্যায়ে তরুণদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে তরুণরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত, অভিজ্ঞতা ও প্রশ্ন তুলে ধরেন এবং বক্তারা সেগুলোর উত্তর দেন।
এর আগে পবিত্র মক্কা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন ফরিদপুর উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি পাপড়ি আক্তার বৃষ্টি।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য ও বর্তমান সময়ে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তরুণদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বিশেষভাবে মাদক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার ক্রাইম ও মানব পাচার নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তরুণদের যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে, তেমনি এর অপব্যবহারের কারণে বিভিন্ন ঝুঁকিও তৈরি হচ্ছে। তাই এসব বিষয়ে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দক্ষতা অর্জন, উদ্যোক্তা সৃষ্টি, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ইতিবাচক নেতৃত্বের মাধ্যমে তরুণরাই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা ও সংলাপে তরুণদের বিভিন্ন মতামত ও প্রত্যাশা উঠে আসে। আয়োজকরা ভবিষ্যতেও তরুণদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।







