ফরিদপুরের বিএনপি নেতা আলহাজ্ব জাহাঙ্গীর মিয়া আর নেই, আজ বাদ আছর জানাজা
ফরিদপুরের প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর মিয়া আর নেই।
বুধবার (১২ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
আলহাজ্ব জাহাঙ্গীর মিয়া ফরিদপুরের মানুষের কাছে অত্যন্ত প্রিয়ভাজন, সদালাপী ও সদা হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি বিএনপির প্রয়াত নেতা মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের অত্যন্ত স্নেহভাজন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ছয় নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার বাদ আছর শহরের গোপালপুরে তার নিজ বাসভবন সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফরিদপুরের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আলহাজ্ব জাহাঙ্গীর মিয়ার মৃত্যুতে ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর মিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





