সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ নিতাই রায়ের সংবাদ সম্মেলন
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য নিতাই রায়। এ ঘটনায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। সোমবার (১০ আগস্ট) বেলা ১২:৩০ এর দিকে ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক
মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায়
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিতাই রায় । লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে তিনি সামাজিক ও ব্যক্তিগতভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
সংবাদ সম্মেলনে তিনি একটি জমি সংক্রান্ত দলিলের তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২ সালের ৩ অক্টোবর ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি করা হয়। দলিলটির ক্রমিক নম্বর ১০৯০০, বহি নম্বর-১ এবং দলিল নম্বর ১০৮৮৩। দলিলের প্রকৃতি সাফ কবলা। এতে ফরিদপুর পৌরসভার ১১৬ নম্বর কোমরপুর মৌজায় ১ দশমিক ১৫ একর বা এক একর ১৫ শতাংশ জমির উল্লেখ রয়েছে। দলিলে চারজন গ্রহীতা ও দুইজন দাতার তথ্য রয়েছে বলে জানান তিনি।
নিতাই রায় বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো অপপ্রচার থেকে দ্রুত মুক্তি পেতে চাই। এটি আমার ন্যায্য অধিকার। এ কারণে বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরছি।’
তিনি আরও বলেন, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন, তাদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে নিতাই রায় তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।





