ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) সকাল ১০ টায় শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পর্পণ করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচির শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা এবং জুলাই আন্দোলনে নিহতদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এরপর বিভিন্ন সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি পুষ্পর্পণ করা হয়।
অনুষ্ঠানের প্রথমেই শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এরপর পর্যায়ক্রমে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ মোদারেস আলী ইছা শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এরপর, পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফরিদপুর পৌরসভা, জেলা সিভিল সার্জন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বন বিভাগ, জেলা তথ্য অফিস , ফরিদপুর জেলা কারাগার, যুব উন্নয়ন অধিদপ্তর, দুর্নীতি দমন কার্যালয়, জেলা শিক্ষা অফিস, সরকারী রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, ফরিদপুরের পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ, জুলাই যোদ্ধা মো. সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, আহত ও নিহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সম্মান জানান।








