ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও শায়লা কামাল সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
দক্ষ ও স্বনির্ভর সমাজ গঠনের লক্ষ্যে ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও শায়লা কামাল সেলাই প্রশিক্ষণ কেন্দ্র-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত ৮টায় ফরিদপুর সদর উপজেলার বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদরাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৈশ বিদ্যালয় ও শায়লা কামাল সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
গেরদা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ আবদুল হামান -এর সভাপতিত্বে এ সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সমন্বয় ঘটিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে নারী ও ঝরে পড়া শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। নৈশ বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিতদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার পাশাপাশি সেলাই প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।








