ফরিদপুরে মাকে হত্যায় অভিযুক্ত ছেলে রহিম শেখকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে রাহিম শেখকে (৩০) ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গি এলাকায় এ হত্যাকান্ড ঘটে।
নিহত শামেলা আক্তার (৬০) ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।
স্থানীয়রা অভিযোগ করে জানান , নেশার টাকা না পেয়ে রাহিম শেখ ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় এলোপাতাড়ি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রতিবেশীরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, এ ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নামে।
তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার প্রায় ৯ ঘণ্টা পর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে রাহিম শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত চলছে।





