মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন দশম শ্রেণি
ফরিদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল ম্যাচে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ফাইনাল খেলার উদ্বোধন হয়।

ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মোফাজ্জেল হোসেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. সোহেল হোসেন-এর তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক খান, মমিন খার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মোল্লা, সিনিয়র শিক্ষক সরোয়ার হোসেন, গোলাম মুর্তজা, আল আরাফাত প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক এস.এ. আনোয়ার হোসেন সবুজ, সহকারী শিক্ষক আব্দুর জব্বার, মো. আলমাছ হোসাইন, ধর্মীয় শিক্ষক কবিরুল আলম সিদ্দিকী, আব্দুল কাদের আজাদ, সাগর কুণ্ড, উজ্জ্বল হোসেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে—ষষ্ঠ-সপ্তম শ্রেণি একাদশ, অষ্টম শ্রেণি একাদশ, নবম শ্রেণি একাদশ এবং দশম শ্রেণি একাদশ। প্রথম পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে অষ্টম শ্রেণি একাদশ ও দশম শ্রেণি একাদশ ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দশম শ্রেণি একাদশ। নির্ধারিত সময়ের খেলায় তারা ৩-০ গোলের ব্যবধানে অষ্টম শ্রেণি একাদশকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে।
ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী আতিকুর রহমান আতিক। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন জামান কাজী ও মো. রতন হোসাইন।
খেলা শেষে কাতার প্রবাসী আর.বি. রুবেল-এর সৌজন্যে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের সকল খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপস্থিত অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।









