ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন রাজিবের দ্রুত সুস্থতা কামনা এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মরহুম ওমর ফারুকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(মঙ্গলবার) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম লিয়াকত হোসেন মিলনায়তনে জেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
স্মরণ সভায় বক্তব্য দেন: জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মরহুম ওমর ফারুকের পিতা হাজী আব্দুস সালাম সিকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান নাসির, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন, আনিসুর রহমান মোল্লা এবং ঈশান গোপালপুর বিএনপি নেতা জিন্নাহ সিকদার।
সভায় বক্তারা মরহুম ওমর ফারুকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “তিনি সারাজীবন নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে গেছেন। কর্মীবান্ধব এই নেতা দলীয় নেতাকর্মীদের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন এবং যেকোনো সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছেন।” বক্তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
পাশাপাশি জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন রাজিবের দ্রুত আরোগ্য কামনা করে বক্তারা বলেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন। এ সময় তারা সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মরহুমের আত্মার মাগফিরাত ও সভাপতির সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন গুহলক্ষীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাসিবুল হাসান। এ সময় জেলা বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।





