‘হাফ ভাড়া আমাদের অধিকার’—ফরিদপুরে শিক্ষার্থীদের দাবিতে জেলা প্রশাসকের কাছে ছাত্রদলের স্মারকলিপি
ফরিদপুরে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম -এর কাছে স্মারকলিপি দিয়েছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।
রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া চালু থাকলেও ফরিদপুরে তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। ফলে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সময় শিক্ষার্থীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় ফরিদপুরে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক শেখ শিমুল, সহ-সভাপতি তাহসান অয়ন, সহ-সভাপতি হাফিজ ইবনে শহীদ হামীম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নাবিদ হাসান অমি সহ অনেকেই উপস্থিত ছিলেন।







