ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, প্রশাসন’কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ফরিদপুর সদর উপজেলার মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউসুফ ফকিরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা আরও বলেন, প্রয়োজনে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এ হত্যাকাণ্ডের তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রশাসনকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইউসুফ ফকির একজন ব্যবসায়ী ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তি ছিলেন। তাকে অপহরণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি কঠোর আল্টিমেটাম দেন।





