চর মাধবদিয়ার ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ডিসি-এসপি’কে স্মারকলিপি প্রদান
ফরিদপুর সদর উপজেলার মমিন খাঁর হাটের বিশিষ্ট ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকির -কে নির্মম নির্যাতন করে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান ।
এ সময় বক্তব্য রাখেন প্রফেসর আবদুত তাওয়াব, এবি সিদ্দিকী মিতুল, এ্যাডভোকেট মোহাম্মদ সেলিম শাহরিয়ার, মোঃ নাজমুল বেপারী, মির্জা প্রিন্স আলি, রেজাউল করিম বেপারী, মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রেজাউল মোল্লা, নিহতের স্ত্রী বেদেনা বেগম ও ছেলে শাহাদাত হোসেন।

মানববন্ধনে বক্তারা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের আল্টিমেট দেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে না পারলে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করবে।
বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান । তারা বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।

ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে । এরপর বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এবং ইউসুফ ফকির হত্যার সুষ্ঠু বিচার, আসামিদের ফাঁসি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয় ।






