মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তানভীর নাহিদ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:১৪ অপরাহ্ণ
নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নারীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সুস্থতা রক্ষায় সহমর্মিতাপূর্ণ আচরণ গড়ে তোলা এবং প্রাথমিক মানসিক সহায়তা সম্পর্কে ধারণা দিতে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে “Women’s Mental Health: Awareness, Empathy and Practical Actions” শীর্ষক দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা।

বুধবার (২২ জুলাই) শহরের বেলপিয়াতো চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিজ-এর সহযোগিতায় SPACE Project-এর আওতায় কর্মশালাটির আয়োজন করে নন্দিতা সুরক্ষা।

কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মজীবী নারী, তরুণ-তরুণী, যুব অ্যাক্টিভিস্ট, স্বেচ্ছাসেবক, নারী অধিকারকর্মী, সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতিনিধি সহ মোট ২৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মাহাপারা আলম, প্রোগ্রাম স্পেশালিস্ট, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সুস্থতা বিষয়ক বিশেষজ্ঞ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। তিনি নারীদের মানসিক স্বাস্থ্যের বর্তমান বাস্তবতা, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের মানসিক স্বাস্থ্যঝুঁকি, মানসিক চাপ, উদ্বেগ, বার্নআউট ও বিষণ্নতার কারণ, প্রাথমিক লক্ষণ এবং এসব পরিস্থিতিতে সহমর্মিতাপূর্ণ আচরণ ও প্রাথমিক মানসিক সহায়তার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক ট্যাবু, ভুল ধারণা এবং সচেতনতার অভাবের কারণে অনেক নারী সময়মতো প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারেন না। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সমাজের সর্বস্তরে মানসিক স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনে পেশাদার সহায়তা গ্রহণের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। একই সঙ্গে আত্মযত্ন (Self-care), সহমর্মিতাপূর্ণ যোগাযোগ এবং প্রয়োজনে নিরাপদ রেফারেল ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হয়।

কর্মশালাটি অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে বিশেষজ্ঞের উপস্থাপনা, দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, প্রশ্নোত্তর পর্ব এবং ব্যক্তিগত অ্যাকশন প্ল্যান প্রণয়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি তরুণ ও অ্যাক্টিভিস্টদের নিজ নিজ কর্মক্ষেত্র ও কমিউনিটিতে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ইতিবাচক বার্তা প্রচার এবং সহায়তামূলক পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ. এন. এম. ফজলুল হাদী সাব্বির, নির্বাহী পরিচালক,বেনিফিসিয়ারি’জ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ), ফরিদপুর। তিনি বলেন, নারীর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। মানসিক সুস্থতা নিশ্চিত না হলে ব্যক্তি, পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হয়। তাই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করা এবং সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত বলেন, “নারীর মানসিক স্বাস্থ্য একটি মৌলিক অধিকার। সুস্থ সমাজ গঠনে নারীর মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য পরিবার, কর্মক্ষেত্র এবং সমাজের প্রতিটি স্তরে সহমর্মিতাপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। নন্দিতা সুরক্ষা ভবিষ্যতেও নারী ও তরুণদের মানসিক স্বাস্থ্য, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

“ফরিদপুরে শুদ্ধি অভিযান” লাইসেন্সহীন-অনিয়মে বন্ধ ৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
“ফরিদপুরে শুদ্ধি অভিযান” লাইসেন্সহীন-অনিয়মে বন্ধ ৫ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

নানা অনিয়ম, লাইসেন্সবিহীন কার্যক্রম ও স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনার অভিযোগে ফরিদপুরে একদিনেই পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে পরিচালিত এই অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ভর্তি রোগীদের সরকারি কিংবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের এলাকায় সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমা নাইম, স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশীদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানে আল-জারা স্পেশালাইজড হাসপাতাল, মেডিকো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন না করা, প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ না করা এবং স্বাস্থ্যসেবায় গুরুতর অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া যায়। অভিযানে এসব অভিযোগের সত্যতা মিললে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযান চলাকালে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। যাতে কোনো রোগীর চিকিৎসা ব্যাহত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্যসেবা একটি সংবেদনশীল খাত। মানুষের জীবন নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা মেনে নেওয়া হবে না। যেসব প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া কিংবা নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্সবিহীন কার্যক্রম, জনবল সংকট, অব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবার মান নিয়ে অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ অভিযান জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পর্যায়ক্রমে চালানো হবে। যেসব প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে না, তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

আবু সাঈম খান প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
ফরিদপুরে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৪ আগস্ট ) বিকালে ফরিদপুর পুলিশ সুপারের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা জেলা পুলিশের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়ন এবং চালকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ যানবাহন চলাচল এবং যাত্রী হয়রানি বন্ধে পুলিশ সদস্যদের কঠোর ভূমিকা রাখার নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ফরিদপুরের স্থানীয় পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত অংশীজনরা ফরিদপুর জেলার সড়ক ও পরিবহনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা নিরসনে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধির পিতার ইন্তেকাল

দৈনিক ফতেহাবাদ ডেস্ক : প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধির পিতার ইন্তেকাল

দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের পিতা মো : আক্তার হোসেন আজ সোমবার (৩আগষ্ট) সন্ধ্যা ছয়টায় তার নিজ বাসভবন বোয়ালমারী উপজেলার ফেলান নগর গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন যাবত আর্থাইটিস রোগ সহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র এবং ৪ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমের নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বোয়ালমারী উপজেলার কুমার নগর চন্দ্রনা কবরস্থান প্রাঙ্গনে অনুষ্টিত হবে।পরে চন্দ্রনা কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইনের পিতা মো : আক্তার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।