আলফাডাঙ্গায় মধুমতির তীব্র ভাঙন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে উপজেলার চরখোলাবাড়িয়া ও দিগনগর এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আটটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙনের মুখে রয়েছে আরও শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও গাছপালা। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে কিংবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) সকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব ভাঙনকবলিত চরখোলাবাড়িয়া ও দিগনগর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে জরুরি ত্রাণসহায়তা বিতরণ করেন।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে মধুমতি নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে দুই এলাকায় ভাঙনের মাত্রা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার আকস্মিকভাবে ভাঙনের তীব্রতা বেড়ে গেলে কয়েক ঘণ্টার মধ্যেই আটটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আরও বহু ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হতে পারে। বর্তমানে দুই গ্রামের শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও গাছপালা ঝুঁকির মধ্যে রয়েছে।
পরিদর্শনকালে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, “ভাঙনের তীব্রতা দেখে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। ভাঙন ঠেকাতে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। জরুরি ভিত্তিতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিংয়ের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারিভাবে তাদের পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
এদিকে ভাঙন প্রতিরোধে দ্রুত জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম জোরদার এবং মধুমতি নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আপৎকালীন ব্যবস্থার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।





