ফরিদপুরে বৃক্ষের চারা বিতরণ ও তালবীজ রোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত তিন উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে ফরিদপুর জেলা পরিষদ। কর্মসূচিতে সহযোগিতা করছে পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুর।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে শহরতলীর ভাজনডাঙ্গায় স্থানীয়দের মধ্যে ৫০০টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং ৩০০টি তালবীজ রোপণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল ও ফরিদপুর বক্ষব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অদিতি হাসান। স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যের অংশ হিসেবে ফরিদপুর জেলা পরিষদ তিন উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, প্রতিবছর বজ্রপাতে দেশের বিভিন্ন এলাকায় প্রাণহানির ঘটনা ঘটে। চরাঞ্চলের মানুষও বজ্রপাতের ঝুঁকিতে থাকেন। তাই চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়াতে তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে বেশি করে গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
পরে জেলা পরিষদের প্রশাসক ফরিদপুর বক্ষব্যাধি হাসপাতালের সীমানাপ্রাচীর ঘেঁষে তালবীজ রোপণ করেন।





