মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

জাহাপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

এম এইচ সুজন মাহমুদ: স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
জাহাপুরে ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম বাচ্চুর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ‌বিকেলে উপজেলার কারণ্যপুর মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক মোল্লা, কানাইলাল গাঙ্গুলি, রুবেল শেখ, যতীন্দ্রনাথ দাস, জাফর শেখ, মো. হারুন, আবুল কালাম, সাহীদ পাঠান ও মুন্নু মিয়াসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে আলোচনা করেন। তারা মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট—মাত্র আট মাসে ভাঙ্গায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০ থেকে ৬০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫২ জন, আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, দুর্ঘটনায় নিহতদের একটি বড় অংশই তরুণ। শুধু গত এক সপ্তাহে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ৮ যুবকের। আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। এর আগে জুলাইয়ে ৬ জন, জুনে ৮ জন এবং মে মাসে ৯ জন নিহত হন। অর্থাৎ মে থেকে আগস্ট—এই চার মাসেই প্রাণ হারিয়েছেন ৩৩ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিলে ৮ জন, মার্চে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন এবং জানুয়ারিতে ২ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে চলতি বছরের প্রথম আট মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।
বেপরোয়া গতি ও যানবাহনের চাপ বাড়াচ্ছে ঝুঁকি
ভাঙ্গায় দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে বেপরোয়া গতি, অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের চলাচল এবং মোটরসাইকেল ও মালবাহী ট্রাকের অতিরিক্ত গতি।
পদ্মা সেতু চালুর পর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল বেড়েছে। ফলে ভাঙ্গা এখন দেশের অন্যতম ব্যস্ত সড়ক যোগাযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সেতুর সংকীর্ণতা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।
ভাঙ্গা-বরিশাল মহাসড়কেও এখনও দুই লেনের চারটি সেতু রয়েছে। এসব সেতুর মধ্যে কয়েকটি এলাকায় দুর্ঘটনার প্রবণতা তুলনামূলক বেশি। বিশেষ করে বাবনতলা, সর ও চাপা সেতু এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ট্রাফিক আইন না মানার অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অনেক থ্রি-হুইলার চালক ট্রাফিক আইন না মেনে বেপরোয়াভাবে চলাচল করেন। একই সঙ্গে মোটরসাইকেল ও পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত গতিও দুর্ঘটনার অন্যতম কারণ। এতে প্রতিনিয়ত মানুষের প্রাণহানি ঘটছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবারগুলো।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে প্রায় ৫০টি সড়ক দুর্ঘটনায় ৫২ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দীপু বলেন, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভাঙ্গার ওপর দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করায় এখানে সড়কে যানবাহনের চাপ বেশি থাকে। এ কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে কাজ করা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধেও বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রশস্ত সড়ক ও কঠোর আইন প্রয়োগের দাবি
সংশ্লিষ্টদের মতে, ভাঙ্গা হাইওয়ে ও অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রশস্ত করার পাশাপাশি সংকীর্ণ সড়ক, সেতু ও কালভার্টগুলো দ্রুত প্রশস্ত করা প্রয়োজন। একই সঙ্গে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের চলাচল নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
তাদের আশা, এসব পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ

ঢাকা অফিস: প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ-এর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে উভয় দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উপদেষ্টাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্কের নানাদিক নিয়ে মতবিনিময় করেন।
উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধু প্রতীম প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। দুইদেশের সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা দুটি দেশের জনগণের মধ্যে বোঝাপড়ার জন্য গুরুত্বপূর্ণ। তিনি দুটি দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জানান। এছাড়া তিনি নির্দিষ্ট কোনো দলের সাথে সম্পর্ক না রেখে জনগণের সাথে জনগণের সম্পর্ক বৃদ্ধির উপর জোরারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন বর্তমান ভারতীয় হাইকমিশনারের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার কথাও উল্লেখ করেন। তিনি বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে প্রেরণের জন্য অনুরোধ করেন। পারস্পরিক স্বার্থে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার। তিনি দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি দুইটি দেশের জনগণের স্বার্থে সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন। তিনি আবারো দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাঙ্গায় বাস- হোন্ডা সংঘর্ষে নিহত ২

ভাঙ্গা উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
ভাঙ্গায় বাস- হোন্ডা সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও হোন্ডার (মোটরসাইকেল) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় ভাঙ্গা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাবলাতলা এলাকায় ভাঙ্গা-বরিশাল মহাসড়কে একটি বাসের সঙ্গে হোন্ডার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর হোন্ডায় থাকা দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অপরজনকে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ব্যস্ত এ মহাসড়কে দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
এদিকে, দুর্ঘটনায় নিহত দুজনের নাম-পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বাসটি ও হোন্ডার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা রয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।