ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নগরকান্দার হাসনহাটি গ্রামের তিন বন্ধুর ৩ বন্ধুর
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- চয়ন (২৩), নয়ন (২০) ও সিয়াম ওরফে সজীব (২২)। তারা তিনজনই বন্ধু ছিলেন।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চয়ন, নয়ন ও সিয়াম ওরফে সজীব একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চয়ন নিহত হন। গুরুতর আহত অবস্থায় নয়ন ও সিয়ামকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নয়ন ও সিয়াম ওরফে সজীবেরও মৃত্যু হয়। ফলে মর্মান্তিক এ দুর্ঘটনায় তিন বন্ধুই প্রাণ হারালেন।
নিহত নয়ন ও সিয়াম ওরফে সজীব ফরিদপুরের নগরকান্দা উপজেলার হাসনহাটি গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।







