বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে রায় প্লাজার মোবাইল শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০–৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

তানভীর রহমান নাহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
ফরিদপুরে রায় প্লাজার মোবাইল শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০–৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ফরিদপুর শহরের রায় প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত Exchange World নামের একটি মোবাইল শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতের যেকোনো সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

শোরুমটির পরিচালক মোঃ হামিদুর রহমান রনি জানান, রাতের কোনো একসময় শোরুমে আগুন লাগে। আগুন দ্রুত পুরো শোরুমে ছড়িয়ে পড়লে সেখানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, মোবাইল এক্সেসরিজ, ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্রসহ প্রায় সব ধরনের মালামাল পুড়ে যায়। এতে প্রতিষ্ঠানের আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার মো. জাকির হোসেন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে আমরা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তিনি আরও জানান, শোরুমটি সম্পূর্ণ বন্ধ থাকায় ভেতরে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ ছিল না। ফলে আগুন শোরুমের বাইরে ছড়িয়ে পড়তে পারেনি এবং রায় প্লাজার অন্যান্য দোকান ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তবে শোরুমের ভেতরে থাকা প্রায় সব মালামাল আগুনে পুড়ে যায়। অক্সিজেনের অভাবে একপর্যায়ে আগুন নিজ থেকেই নিভে যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

ফরিদপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে নায়াব ইউসুফ, বিতরণ করলেন নগদ অর্থ ও নতুন কাপড়

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
ফরিদপুরে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপে নায়াব ইউসুফ, বিতরণ করলেন নগদ অর্থ ও নতুন কাপড়

শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আমেজে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার আয়োজন ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ ও নতুন কাপড় বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী, পূজামণ্ডপের আয়োজক ও সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি ।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তিনি কৈজুরী, মাচ্চর, কৃষ্ণনগর ও কানাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ ছাড়া ফরিদপুর পৌর এলাকার বদরপুর, পুরাতন বাসস্ট্যান্ড ও চৌধুরী বাড়ি এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিভিন্ন পূজামণ্ডপে পৌঁছালে আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে স্বাগত জানান।
পরিদর্শনকালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে আনন্দ, ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।
সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।
তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে তাঁদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার উন্নয়নে প্রয়োজনীয় উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু,ফরিদপুর জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী, যুবদল নেতা রুবেল হোসেন দুলালসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডুমাইনে ১৮টি পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সম্প্রীতির উদ্যোগ

মধুখালী প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ
ডুমাইনে ১৮টি পূজামণ্ডপে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির সম্প্রীতির উদ্যোগ

‘সম্প্রীতির বন্ধনে, উৎসবের আনন্দে, মানবিকতার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপে সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছে সামাজিক ও ক্রীড়া সংগঠন ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল উৎসবের আনন্দে সবার পাশে দাঁড়ানো, পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত রাখা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।
এ বিষয়ে ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আজাদ মাহবুব বিপ্লব বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এটিকে আমরা কোনো দান বা অনুগ্রহ হিসেবে দেখছি না; বরং আপনাদের আনন্দের সঙ্গে নিজেদের সামিল করা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার একটি ছোট্ট প্রয়াস হিসেবে দেখছি।”
তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি দেবর্ষী বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, সাংগঠনিক সম্পাদক সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো. শহীদুল বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক রাম প্রসাদ, প্রচার সম্পাদক মো. মোশাররফ হোসেন ও সদস্য টিটো সরকার।
ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটির এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নগরকান্দার ডাংগীতে ট্রেনে কা*টা পড়ে অজ্ঞাত যুবকের মৃ*ত্যু

সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
নগরকান্দার ডাংগীতে ট্রেনে কা*টা পড়ে অজ্ঞাত যুবকের মৃ*ত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের পোড়াদিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে নিহত যুবকের নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।