সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিক জাকিব আহমেদ জ্যাককে প্রকাশ্যে কু*পিয়ে হ*ত্যার চেষ্টা
ফরিদপুরে সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক জাকিব আহমেদ জ্যাক। প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) চুনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সন্ধ্যার পর এলাকাবাসী নিরাপত্তাহীনতার মধ্যে চলাফেরা করতে বাধ্য হন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক জাকিব আহমেদ জ্যাক ঘটনাস্থলে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
জ্যাকের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।







