শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

দৈনিক ফতেহাবাদ ডেস্ক: প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
google news দৈনিক দৈনিক ফতেহাবাদ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বিশ্বজুড়ে মুসলিমদের জন্য পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময়সূচি সবসময়ই বিশেষ আগ্রহের বিষয়। চাঁদ দেখার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করলেও, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাবের মাধ্যমে আগেভাগেই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।
প্রকাশিত তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি, শনিবার রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে সেদিন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার হবে শাবান মাসের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই প্রতিবেদনে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও উল্লেখ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসেবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে উল্লেখ্য, এগুলো কেবল জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব। ইসলামি শরিয়ত অনুযায়ী, রমজান মাসের সূচনা ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্ধারিত হয়।
এছাড়া ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে বাংলাদেশে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় রমজান ও ঈদুল ফিতর এক দিন পরে পালিত হয়ে থাকে।

শোক সংবাদ বাউল শিল্পী শাহাদাত হোসেনের ইন্তেকাল

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট: প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
শোক সংবাদ  বাউল শিল্পী শাহাদাত হোসেনের ইন্তেকাল

ফরিদপুর সদর উপজেলার ডিগ্রীচর ইউনিয়নের চরটেপাখোলা পাল ডাংগি নিবাসী বিশিষ্ট বাউল শিল্পী শাহাদাত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৫ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন । বাউল শিল্পী শাহাদাত হোসেন শ্বাস জনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৬ টায় ইন্তেকাল করেন । মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার জুম্মা বাদ শহরের রেল স্টেশন (মাস্টার কলোনি) জামে মসজিদে অনুষ্ঠিত হবে । পরে তাকে ডিগ্রী চর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে শামসু্দোহা ফাউন্ডেশন গোরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ সাংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন ।
এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালথায় প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের সালথায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা বাইপাস সড়ক-সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্যসচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, মিরান হোসেন, মাহফুজুর রহমান, শাফিকুল ইসলাম, খোকন মাতব্বর, মতিয়ার রহমান ও হাবিবুর রহমান হাবিব।
এ ছাড়া নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ, মামুন হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, হায়দার আলী, রিপন মাতব্বর, শিমুল মিয়া, আখের আলী, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাজাহান শরীফসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

সদরপুরে ব্যবসায়ীকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ, দুই নারী গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
সদরপুরে ব্যবসায়ীকে আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ, দুই নারী গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে এক মোবাইল ব্যবসায়ীকে ফাঁদে ফেলে আটকে রেখে মারধর ও ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের কদমতলা এলাকার খাদিজাতুল কোবরা মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অঞ্জনা আক্তার (২৫) ও মালা আক্তার (১৯)।
ভুক্তভোগী ব্যবসায়ী ইব্রাহীম খান (২৮) অভিযোগ করেন, পরিচয়ের সূত্র ধরে ২০ অক্টোবর রাতে অঞ্জনার ডাকে ওই কক্ষে গেলে তাঁকে আটকে রাখা হয়। পরে অঞ্জনার স্বামী সুমনসহ আরও কয়েকজন সেখানে এসে তাঁকে মারধর করেন। এ সময় তাঁর মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখার পর তিনি কৌশলে এক আত্মীয়কে বিষয়টি জানান।
ওই আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করে। এ সময় অঞ্জনার স্বামী সুমনসহ অন্যরা পালিয়ে গেলেও দুই নারীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ইব্রাহীম খান বুধবার রাত সাড়ে ৮টার দিকে অঞ্জনা আক্তার, তাঁর স্বামী সুমন ও মালা আক্তারসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুই নারীকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।