প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

চাপুলিয়া আদর্শ গ্রামের সরকারি ঘর নদীগর্ভে বিলীন, মানববন্ধনে আকিব আহমেদ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

শুক্রবার (১১ই সেপ্টেম্বর) ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪ নং টগরবন্দ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চাপুলিয়া গ্রামের আদর্শ গ্রামের সরকারি ঘরগুলো নদীভাঙ্গনের কবলে পড়ে ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু ঘর নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও বিলীন হয়েছে। এতে বিপাকে পড়েছেন এসব ঘরে বসবাসকারী অসহায় পরিবারগুলো।
সরকারি ঘর ও বসতভিটা রক্ষায় তরুণ নেতা আকিব আহমেদের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানানো হয়।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধ করা না গেলে চাপুলিয়া আদর্শ গ্রামের আরও সরকারি ঘর নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
মানববন্ধনে আকিব আহমেদ বলেন, নদীভাঙ্গনে অসহায় মানুষের শেষ আশ্রয়টুকুও হারিয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে নিয়ামুল হোসেন বলেন, “নদীভাঙ্গনে মানুষ সর্বস্ব হারাচ্ছে। চোখের সামনে বসতভিটা ও জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর ও স্থায়ী নদীশাসনের ব্যবস্থা করতে হবে। ভাঙ্গন রোধে প্রয়োজনীয় জিওব্যাগ ফেলা এবং টেকসই প্রতিরোধ বাঁধ নির্মাণের মাধ্যমে এলাকাবাসীর জানমাল রক্ষা করতে হবে।”
এলাকা বাসি বলেন“পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের জোর দাবি, মধুমতী নদীর ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রতিদিন নদীর পাড় ভেঙ্গে মানুষের বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ছে। তাই জরুরি ভিত্তিতে ভাঙ্গনকবলিত এলাকায় পর্যাপ্ত জিওব্যাগ ফেলা, প্রয়োজনীয় বাঁধ নির্মাণ এবং স্থায়ী নদীশাসনের ব্যবস্থা করতে হবে। আমরা আশা করি, পানি উন্নয়ন বোর্ড বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

কপিরাইট © দৈনিক ফতেহাবাদ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন