ফরিদপুরে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে শহীদ সুফি ঝিনিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ফরিদপুরের ঐতিহ্যবাহী অম্বিকা ময়দানে শহীদ সুফি সমাজকল্যাণ সমিতির আয়োজনে এবং করিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিম গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। এ সময় টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ওয়াহিদ মিয়া কুটি।
ক্রীড়া অনুরাগী মো. সাইফুজ্জামান মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম, মতিউর রহমান শামীম, প্রফেসর ইউসুফ আলী এবং ডা. আলী আকবার বিশ্বাস।
বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ফরিদপুরের ঐতিহ্যবাহী অম্বিকা ময়দানে সারা বছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে অংশগ্রহণকারী ১২টি দলের খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করা হয়। পরে উদ্বোধনী দিনের দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে ফরিদপুরের ১২টি স্থানীয় দল লিগ পদ্ধতিতে অংশ নিচ্ছে। আগামী ২১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাহবুব হোসেন পিয়াল, মীর রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম লিখন, মাহবুবুর রহমান, চৌধুরী জিয়াউল হাসান, মোহাম্মদ সেলিম, অজিত গুপ্ত হরি, আবুল কাশেম ভোলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শক।

তানভীর রহমান নাহিদ, সিনিয়র স্টাফ রিপোর্টার