জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক গণসমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমীর ও ১১ দলীয় ঐক্য জোটের লিয়াজোঁ কমিটির সভাপতি মাওলানা মোঃ বদরউদ্দিন –এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব এর সঞ্চালনায় এ সময় জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. বায়েজিদ আহমেদ, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল মরহুম আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র আলী আহসান মোহাম্মাদ তাহকির, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ফরিদপুর জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সহ ১১দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড ও শিবিরের নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানান।
বক্তারা অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায় কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ বের করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার জনসাধারণ অংশগ্রহণ করে।

তানভীর রহমান নাহিদ