সালথায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ইউপি সদস্যকে শোকজ
সালথা প্রতিনিধি:
- ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড এর মেম্বার মো. আক্কাস মাতুব্বরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
১২ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে একটি ঘরে ইয়াবা সেবন করতে দেখা যায়।
এ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আক্কাস মাতুব্বর গৌরদিয়া গ্রামের বাসিন্দা।
ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে আক্কাস মাতু্ব্বর এটি প্রায় দেড় বছর আগের বলে দাবি করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে তাঁকে হয়রানি করা হয়েছিল। ওইদিন কয়েক ব্যক্তি তাকে আটকে রেখে ইয়াবা হাতে দিয়ে সেবন করতে বাধ্য করে। পরে তারা ভিডিও করে রাখে।
তবে কারা তাকে আটকে রেখে হয়রানি করেছিল তাদের নাম জানাতে তিনি রাজি হন নি।
তবে স্থানীয়রা বলেন, ওই ইউপি সদস্য নিয়মিত মাদক সেবন করেন। তার ছোট ছেলে রাসেল মাতুব্বর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। তারা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন,ইতোমধ্যেই ওই ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।