প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে বাকীগঞ্জ মাদ্রাসার পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক ফতেহাবাদ রিপোর্ট:

ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে পুনর্মিলনী, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এইচ.এম. ইব্রাহিম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সদস্যসচিব মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল তাওয়াব, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম.এ. সামাদ, ছুটি গ্রুপের চেয়ারম্যান ও গ্রামীণফোনের সাবেক লিগ্যাল কনসালট্যান্ট মোস্তফা মাহমুদ আরিফী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মাহমুদুল হাসান, সহকারী অধ্যক্ষ এ.টি.এম. রেশাদুল হাকিমসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এর সার্বিক উন্নয়ন ও অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আগামী এক বছরের মধ্যে মাদ্রাসাটি জাতীয়করণের প্রতিশ্রুতি দেন।
দীর্ঘদিন পর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মাদ্রাসা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। স্মৃতিচারণ, পারস্পরিক সৌহার্দ্য বিনিময়, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

কপিরাইট © দৈনিক ফতেহাবাদ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন