প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

হাসপাতালে ঢোকার পথই যেন মরণফাঁদ: আলফাডাঙ্গায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ

আলফাডাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চলাচলের প্রধান সড়কটি এখন সাধারণ মানুষের জন্য জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বেহাল দশা তৈরি হয়েছে, যা উপজেলাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের প্রধান প্রবেশপথটিতে কাদা এবং পিচ্ছিল পরিবেশের সৃষ্টি হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা গর্ভবতী নারী, তীব্র অসুস্থ রোগী, বয়স্ক মানুষ এবং শিশুদের নিয়ে স্বজনরা কোনোভাবেই এই পথ দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারছেন না। জরুরি বিভাগে আসার পথে রোগীবাহী ভ্যান বা রিকশা উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে প্রতিনিয়ত।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ হাসপাতালে আসে রোগ থেকে মুক্তি পাওয়ার আশায়। কিন্তু হাসপাতালের প্রবেশপথেরই যদি এমন ঝুঁকিপূর্ণ অবস্থা হয়, তবে জরুরি রোগী নিয়ে এসে স্বজনরা আরও বড় বিপদে পড়ছেন। বিশেষ করে রাতের বেলা বা বৃষ্টির সময় এই পথ দিয়ে হেঁটে আসাও অসম্ভব হয়ে পড়ে।”
ভুক্তভোগী এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। তারা অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও আরসিসি ঢালাইয়ের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানান, যাতে রোগীরা নির্বিঘ্নে ও নিরাপদে চিকিৎসা সেবা নিতে পারেন।

কপিরাইট © দৈনিক ফতেহাবাদ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন