ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কাজী কড়িয়াল ১৬১ নম্বর মৌজার বিশাল মাঠের একমাত্র প্রবেশ পথটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের চার গ্রামের কৃষক।
স্থানীয়রা জানান, প্রায় ১ হাজার থেকে বারোশো বিঘা জমি নিয়ে গড়ে ওঠা এ মাঠে প্রতিদিন হাজারো মানুষ কৃষি কাজের জন্য যাতায়াত করেন। কাজী কড়িয়াল, ভবুকদিয়া, শ্রীরামদিয়া ও পোড়াদিয়া গ্রামের মানুষ কৃষিকাজ, জমি দেখাশোনা এবং ফসল ঘরে তুলতে এ রাস্তাটি ব্যবহার করেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগে রাস্তাটি সংস্কার করা হলেও ২০২৫ সালের ডিসেম্বরে পুনরায় মাটি ফেলার পর বর্তমানে বৃষ্টি ও মানুষের চলাচলে রাস্তাটি কাদাযুক্ত হয়ে পড়েছে। ফলে ভ্যান, কৃষি পরিবহনসহ সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।
ফসল পরিবহন ও কৃষকদের দুর্ভোগ কমাতে রাস্তাটি দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নগরকান্দা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নুরুল ইসলাম সদরপুর ফরিদপুর প্রতিনিধি: